Friday, February 7, 2020

মাহবুবা হেসেইনের প্রথম উপন্যাস

পথের শেষে
মাহবুবা হেসেইন মূলত গল্পকার। কবিতাও যা অল্প কিছু লিখেছেন কাব্য বিচারে তা সম্মানজনক অবস্থানের দাবিদার। তিনি গল্প বুনে থাকেন বাস্তব ঘটনার মধ্য দিয়ে বয়ে চলা সাধারণ মানুষের জীবন-যাপন দিয়ে।
আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাধারণ অথচ জীবন-জিজ্ঞাসায় ঠাসা ছোট-বড় কাহিনীর মধ্য দিয়েই তাঁর সাহিত্যের দর্শন প্রদর্শিত হয়েছে, যার ফলে সকল শ্রেণীর পাঠকই গল্পের উদ্দেশ্য থেকে শিক্ষা নিতে সক্ষম হয়েছে। এ যাবত প্রকাশিত প্রায় সকল গল্পেই মাহবুবা হেসেইন পাঠককে সঙ্গে নিয়ে জীবনের কঠিন এবং জটিল গলিতে ঘুরে আসতে পেরেছেন সহজভাবে।
পরীক্ষিত হাতের এই লেখিকার এবারই ২০২০ একশে বইমেলায় প্রথম প্রকাশিত হয়েছে 'পথের শেষে' নামের উপন্যাস। দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন উপন্যাসের মত সাহিত্যের বড় বিষয়ে হাত দিতে। তার সেই প্রস্তুতির স্বাক্ষর পাওয়া যায় 'পথের শেষে' উপন্যাসের বিষয় এবং রচনাশৈলীর মধ্যেও।
বিষয়ে তিনি দেখিয়েছেন- আত্মহত্যা নয় বরং ঘুরে দাঁড়ানোই প্ররোচিত ঘটনার প্রকৃত জবাব। কারণ নিজের চেয়ে অপরিহার্য বা ইনএভিট্যাবল পৃথিবীতে আর কিছু নেই, অন্যকিছু তো নয়ই, সময়ই সবকিছুর নিয়ন্তা, জীবনের শেষ পর্যন্ত দেখে যাওয়াই জীবনের ধর্ম, গ্র্যান্ডফাদার্স ক্লকের মত ভূয়োদর্শী অনামিকার সম্ভাব্য শ্বশুর শেগুফ্ত বখত চৌধুরীর কথায় প্রতীতি জন্মেছিল বলেই এগিয়ে গিয়েছিল অনামিকা, শূন্য থেকে শুরু করে পৌঁছেছিল উচ্চতায়, উচিৎ জবাব দিয়েছিল তার অপমানের, প্রেমের ব্যর্থতা পরিণত হয়েছিল শক্তিতে।
'পথের শেষে' তাই অনামিকারই জয়। আশহার নয়, এই উপন্যাসের নায়ক তাই শেগুফ্ত বখত চৌধুরী। জটিল সব চরিত্র ও ঘটনাকে আপন দক্ষতায় সাবলিল ভাবে উপস্থাপন করেছেন উপন্যাসের লেখিকা, সহজ স্বাভাবিক ভাষার গাঁথুনির কারণে পাঠক সহজেই বিচরণ করতে পারবে জীবন-রহস্যে ঘেরা এই উপন্যাসে।
উপন্যাসের প্রত্যেকটি চরিত্র ভিন্ন ভিন্নভাবে একেকটি জীবনকেও দেখিয়ে যায়। যা আগামী দিনের জীবনে পাঠককে সতর্ক হতে সাহায্য করবে। উপন্যাসটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ । প্রচ্ছদ: ধ্রুব এষ। মেলায় বইটি পাওয়া যাবে অন্যপ্রকাশের ২১ নং প্যাভেলিয়নে।

No comments:

Post a Comment