Wednesday, February 19, 2020

অমর একুশে গ্রন্থমেলা ২০২০: স্টলে স্টলে ঘুরে বই কিনছেন পাঠক

বই মেলা
অমর একুশে গ্রন্থমেলার ১৮তম দিন অতিবাহিত হল। এখন যারা মেলায় আসছেন তাদের প্রায় সবাই ক্রেতা। বই কিনবেন এমন মনোভাব নিয়েই তারা মেলায় আসছেন, বইও কিনছেন। অনেকে লিস্ট ধরে ধরেও বই কিনছেন। ইতিমধ্যে ঢাকার বাইরের পাঠকও মেলা পেয়েছেন।
বুধবার বিকাল থেকেই পাঠক সমাগম শুরু হয়। সন্ধ্যার দিকে মেলায় প্রচুর পাঠক ছিল। তাদের বেশির ভাগেরই হাতেই ছিল বই। স্টলে স্টলে ঘুরে বই কিনতে দেখা গেছে পাঠকদের। মেলায় বই কিনতে এসেছিল মেডিকেলের একদল শিক্ষার্থী। বঙ্কিম, আহমদ ছফা থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, হেলাল হাফিজসহ তরুণ লেখকদেরও বই ছিল তাদের কেনার তালিকায়।
মেলামঞ্চে আলোচনা : গ্রন্থমেলার মূলমঞ্চে জালাল ফিরোজের ‘বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান’ শীর্ষক বইয়ের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মুজতবা আহমেদ মুরশেদ। আলোচনায় অংশগ্রহণ করেন ডালেম চন্দ্র বর্মণ, মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাব্বীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
প্রাবন্ধিক বলেন, বঙ্গবন্ধু বলেছেন- ‘শাসনতন্ত্রহীন জাতি নোঙরবিহীন নৌকার মতো।’ এ উপলব্ধি থেকেই যুদ্ধবিধ্বন্ত একটি নবীন রাষ্ট্রের জন্য একটি সংবিধান প্রণয়নে তিনি জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। বঙ্গবন্ধু বলেছেন, ‘রক্তের অক্ষরে এ সংবিধান রচিত।’ গণপরিষদ গঠন, এর বিন্যাস এবং সংবিধানের মূল রূপরেখার ওপর বঙ্গবন্ধুর বক্তব্য এবং এ বিষয়ে সরকারদলীয় ও বিরোধী সদস্যদের বক্তব্য, মতামত, পরামর্শ, গণপরিষদের সদস্যদের পর্যালোচনা, জনগণের অধিকার সংরক্ষণের নানা দিকসহ সবকিছু গ্রন্থটিতে রয়েছে।
আলোচকরা বলেন, সংবিধানে জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত দ্রুততম সময়ে বাংলাদেশের জনগণের চাওয়া-পাওয়া, জাতির জীবনে প্রতিটি সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য প্রস্ফুটিত হয়েছে। স্বল্প সময়ে সংশ্লিষ্ট বিজ্ঞজনদের আন্তরিক তৎপরতা, সর্বোপরি বঙ্গবন্ধুর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে একটি সদ্য স্বাধীন দেশে বাংলাদেশের সংবিধান প্রণয়ন পৃথিবীর ইতিহাসে একটি অনন্য সাধারণ ঘটনা।
গ্রন্থের লেখক জালাল ফিরোজ বলেন, বঙ্গবন্ধু বিষয়ক এ গ্রন্থে কিছু অনালোচিত বিষয়ে আলোকপাত এবং নতুন তথ্য উদ্ঘাটনের প্রয়াস পেয়েছি। পাঠক বইটি থেকে বঙ্গবন্ধুর শাসনতান্ত্রিক ভাবনার পরিচয় পাবেন বলে আশা করি।
সভাপতির বক্তব্যে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, লেখক যথেষ্ট পরিশ্রম করে গবেষণামূলক দৃষ্টিতে গ্রন্থটি রচনা করেছেন। বঙ্গবন্ধু ছিলেন জনগণের বন্ধু। তার দিকনির্দেশনায় বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে- রাষ্ট্রের মালিকানা জনগণের। এ কারণে বাংলাদেশের সংবিধানে মেহনতি মানুষের কথা, সংগ্রামী মানুষের কথা বিবৃত হয়েছে, যা সমকালীন পৃথিবীর ইতিহাসে বিরল।
ছড়া পাঠ : ছড়া পাঠের আসরে ছড়াকার আসলাম সানী, আলম তালুকদার, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আনজীর লিটন, রহীম শাহ, ফারুক হোসেন ছড়া পাঠ করেন।
বুধবার ছিল হাসান আবদুল্লাহর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ঘাসফুল শিশুকিশোর সংগঠন’র পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, ইয়াসমিন মুশতারী, বর্ণালী সরকার, উত্তম কুমার রায়, তালুকদার জান্নাত হোসেন, ফারহানা শিরিন।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন নাসরীন জাহান, ফারুক মঈনউদ্দীন, মামুন খান এবং øিগ্ধা বাউল।
নতুন বই : বুধবার মেলায় নতুন বই এসেছে ১১৬টি। এরমধ্যে বাংলা একাডেমি এনেছে জালাল ফিরোজের ‘বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান’, সাতভাই চম্পা প্রকাশনী এনেছে আমিনুর রহমান সুলতানের ‘লোকগানের জনকের মুখ’, ‘আহমদ ছফার সেরা উপন্যাস’ এনেছে বাঁধন পাবলিশার্স, অ্যাডর্ন পাবলিশার্স এনেছে শহীদুল্লাহ ফরায়জীর কাব্যগ্রন্থ ‘ঐশ্বরিক অক্ষর’, কথা প্রকাশ থেকে বের হয়েছে আফসান চৌধুরী সম্পাদিত ‘১৯৭১ : গণনির্যাতন-গণহত্যা, কাঠামো, বিবরণ ও পরিসর’ এবং ওবায়েদ আকাশের কাব্যগ্রন্থ ‘পৃষ্ঠাজুড়ে সুলতানপুর’ প্রকাশ করেছে অরিত্র প্রকাশনী।
রাত্রি প্রকাশনী এনেছে আনোয়ারা সৈয়দ হকের ‘বঙ্গবন্ধুর গল্প’, অনুপম প্রকাশনী এনেছে ‘সৌমেন সাহার ‘কোয়ান্টাম মেশিন’, অনন্যা এনেছে সুভাষ সিংহ রায়ের ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, মোস্তফা কামালের ‘স্বপ্নবাজ’, রকিব হাসানের ‘ইনকা দেবতার গুপ্তধন’, কথা প্রকাশ এনেছে মুনতাসীর মামুন সম্পাদিত ‘ইতিহাস পাঠ ১ ও ২’, চারুলিপি প্রকাশনী এনেছে নির্মলেন্দু গুণের ‘কিশোর সমগ্র’ প্রভৃতি। বাঙ্গালা গবেষণা এনেছে দিলরুবা জলিল শাহিনের ‘একাত্তরের কিশোরী সূর্যসারথি’।
বইমেলায় শরাফত আলীর তিন বই : বইমেলায় প্রকাশিত হয়েছে শরাফত আলীর তিনটি বই। লেখালেখির জগতে অতিরিক্ত সচিব শরাফত আলী এসেছেন কয়েক বছর আগে। বর্ষাদুপুরের স্টলে পাওয়া যাচ্ছে তার লেখা তিনটি বই ‘মান্না দে : শিল্পীর চেয়েও যিনি বড় মানুষ’, ‘সংকলন ১’ ও ‘কবিতা ২৫’।

যুগান্তর

No comments:

Post a Comment